রাশিয়ার সাম্প্রতিক কর্মকান্ডে ক্ষিপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমের দেশগুলো। তারা সবাই মিলে এখন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে।
বিশেষ করে ইউক্রেন সংকট নিরসনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য বৈঠক বাতিল হতে পারে বলে ইংগিত দিয়েছে মার্কিন প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।
এই উত্তেজনার মাঝে সবশেষ গতকাল ইউক্রেনের পূর্বাঞ্চলের দু'টি এলাকা দোনেস্ক ও লুহানস্ককে স্বীধান রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই দুটি অঞ্চলে রাশিয়ার সেনাদের ‘শান্তিরক্ষা কার্যক্রম’ চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনার পর রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। তবে কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে তা বলা হয়নি।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইউক্রেন থেকে আলাদা হয়ে যাওয়া দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল অনেকদিন থেকেই মস্কো-সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তাই পুতিনের এই নির্বাহী ঘোষণাকে 'নতুন করে হামলা' বলা যায় না, যার কারণে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া দরকার।
তবে যেকোনো সময় আরও বড় মাত্রার সামরিক অভিযান আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।
হোয়াইট হাউজ বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন এবং রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। বাইডেন বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে তাদের প্রতিশ্রুতির বিষয়ে পুনরায় নিশ্চিত করেছেন যে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় থাকবে।
বাইডেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে।
বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জামানির চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করছেন-কীভাবে তাদের প্রতিক্রিয়াকে সমন্বয় করা যায় সেটা নিয়ে। জানিয়েছে হোয়াইট হাউস।