রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সাথে কূটনৈতিক সমাধান করতে মস্কো প্রস্তুত আছে। তবে রাশিয়ার স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তার ব্যাপার কোনো ছাড় দেওয়া হবে না।
রাশিয়ার পিতৃভূমি দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বক্তব্যে পুতিন বলেন, তিনি সব সময় ‘সৎ আলোচনার’ জন্য প্রস্তুত ছিলেন। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সাথে বসতে তিনি রাজি রয়েছেন।
বুধবার ইউক্রেন সংকট নিয়ে বিবিসি অনলাইনের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
এ সময় তিনি রুশ সৈন্যদের যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করে বলেন, তিনি নিশ্চিত ছিলেন দেশের জাতীয় স্বার্থে সেনারা লড়াই করবে।
রুশ সেনারা ইউক্রেন সীমান্তে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলোজি জানিয়েছে, গত ২৪ ঘণ্টার স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, পশ্চিম রাশিয়ায় নতুন করে সেনা মোতায়েন এবং সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এ ছাড়া ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের বিমানঘাঁটিতে শতাধিক বিমান দেখা গেছে। সম্প্রতি বেলারুশের সঙ্গে যৌথভাবে গুরুত্বপূর্ণ এক সামরিক মহড়া সম্পন্ন করেছে রাশিয়া।