ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই হামলা শুরু হয়। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছে রাশিয়া।’
একদিনে দ্বিতীয়বার দেওয়া ভাষণে তিনি বলেন, ‘কীভাবে শত্রুতা শেষ করা যায় এবং এই আক্রমণ বন্ধ করা যায়, তা নিয়ে রাশিয়াকে এখন বা পরে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত তাড়াতাড়ি কথোপকথন শুরু হবে, রাশিয়ার ক্ষতি তত কম হবে।’
তিনি আরও বলেন, ‘হামলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাবো।’
এর আগে গত রাতে তিনি রাজধানী কিয়েভে হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাজধানী ছাড়ার তার কোনো ইচ্ছে নেই। এবং জেলেনস্কি এটাও জানেন যে, এই মুহূর্তে তিনিই রাশিয়ার সবচেয়ে বড় টার্গেট।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে।
কিয়েভে রুশ হামলা শুরুর একদিন পর জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার বড় ধরনের হামলার বিপরীতে দেশ রক্ষায় আমাদেরকে একা ছেড়ে দেওয়া হয়েছে। খবর এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের হয়ে লড়ার কে আছে? আমি তো কাউকে দেখি না। ইউক্রেনকে ন্যাটোভূক্ত করার নিশ্চয়তা কে দেবে? সবাই রাশিয়ার আগ্রাসী ভূমিকায় ভীত।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে হামলার শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩৭ জন ইউক্রেনিয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১৬ জন।
জেলেনস্কি বলেন, রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। তারা নগরবাসীকে ভয় দেখাচ্ছে।