ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস ইউক্রেনে হামলারত রাশিয়ান সৈন্যদের ব্যারাকে ফেরা আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ইউক্রেন হামলার নিন্দা প্রস্তাবে রাশিয়ার ভেটো প্রদানের নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেছেন। / বিবিসি
বিবিসি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো প্রদানের ফলে সমাধানের পথটি অবরুদ্ধ হলো।
যুদ্ধের শেষে যুদ্ধ বন্ধ করতেই জাতিসংঘের জন্ম হয়েছিল। আজ সে উদ্দেশ্য অর্জিত হয়নি। কিন্তু আমরা আশাহত হবো না। আমাদের শান্তি বজায় রাখার আরেকটি সুযোগ দেয়া উচিত বলে জানান জাতিসংঘ মহাসচিব।
রাশিয়ার জাতিসংঘ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা কাউন্সিলের তোলা নিন্দা প্রস্তাবের খসড়ায় সমর্থন না দেয়া সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন এই খসড়াটি রাশিয়া বিরোধী। খসড়াটিকে অমানবিক ও নির্দয় বলেও মন্তব্য করেন তিনি।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। আজ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় দিন চলছে। আক্রমণের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে ব্যাপক সংঘর্ষ ও হামলার খবর পাওয়া গেছে।