রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত রোববার এক ঘোষণায় রাশিয়ার পরমাণু বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পশ্চিমাদের অবন্ধুসুলভ আচরণের জবাবে তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, রাশিয়া বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্রের দেশ। এর রয়েছে প্রচুর পরিমাণে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র।
এ ঘোষণার তীব্র সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের দেশ যুক্তরাষ্ট্র পুতিনের এ নির্দেশের তীব্র নিন্দা জানিয়ে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে।
জার্মানী বলছে, পুতিনের অভিযান পরিকল্পনা মতো না এগুনোয় এবং প্রতিরোধের মুখে পড়ায় এ নির্দেশ দেয়া হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার সংকট নিয়ে আলোচনা করতে ব্যতিক্রমী এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।
এছাড়া প্রতিবেশী বেলারুশে যুদ্ধরত উভয় পক্ষের বৈঠকে অংশ নিতে ইউক্রেন প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি হবে দুপক্ষের মধ্যে প্রথম প্রকাশ্য যোগাযোগ।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।