ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ২০০ মাইল দক্ষিণের ইউঝোউক্রেনস্ক পাওয়ার স্টেশন দখল করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ডের উদ্ধৃতিতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এ খবর প্রকাশ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউঝোউক্রেনস্ক পাওয়ার স্টেশন দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। বৃহস্পতিবার রাতে রুশ বাহিনী যখন ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় গুলি চালাচ্ছিল, তখন তারা এই দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র ২০ মাইল দূরে ছিল।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড বলেন, ইউক্রেনে বিপদ অব্যাহত আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রুশ বাহিনীর বিপজ্জনক আক্রমণ বন্ধ করার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে।
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম কিয়েভ পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৪ মিনিটে ইউঝোউক্রেনস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের তৃতীয় শক্তি উৎপাদন ইউনিটটি গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বিবিসির অন্য এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে যে রুশ সেনারা বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে। দখলে নেওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নেয় রুশ বাহিনী। এরপর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ইউঝোউক্রেনস্ক দখল করল রাশিয়া।