ইউক্রেনে সামরিক অভিযানের সময় আরও এক রাশিয়ান জেনারেলকে হত্যার দাবী করেছে ইউক্রেন সশস্ত্র বাহিনী। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ।
ইউক্রেনের খারকিভ শহরে সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। মঙ্গলবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় এপি ও বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দারা জানিয়েছেন, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে লড়াইয়ের সময় রুশ সামরিক বাহিনীর মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত হন। অবশ্য ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি ও এপি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ চিফ অফ স্টাফ এবং রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম আর্মির প্রথম ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছিলেন। এছাড়া ইউক্রেনের হামলায় আরও বহু রুশ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
এদিকে টুইটারে একটি ছবি প্রকাশ করে ইউক্রেনের কর্মকর্তারা সেটিকে জেনারেল গেরাসিমভ বলে উল্লেখ করেছেন। ছবির নিচে লাল অক্ষরে ‘লিকুইডেটেড’ বা ‘নিহত’ শব্দ লেখা রয়েছে।
৪৫ বছর বয়সী মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ রুশ সেনাদের সঙ্গে সিরিয়া ও চেচনিয়াতে সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন এবং ২০১৪ সালে রাশিয়া কতৃক ক্রিমিয়া দখলেও ছিলেন অগ্রভাগে। ক্রিমিয়া দখলে অবদান রাখায় তিনি পুরস্কার হিসেবে একটি মেডেলও পেয়েছিলেন।