কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়া থেকে। মঙ্গলবার সিএনবিসি'র এক খবরে প্রতিষ্ঠান দু’টির এক বিবৃতিতে তারা এ ঘোষণা দেয়।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার ওপর পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আসছে। মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের নামীদামী সব প্রতিষ্ঠানও। রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে পেপসি জানিয়েছে, রাশিয়ায় সেভেন আপ ও মিরিন্ডা বিক্রি করবে না তারা। তবে চালু থাকবে প্রতিষ্ঠানটির শিশু খাদ্য সরবরাহ।
অপরদিকে এক বিবৃতিতে কোকাকোলা জানায়, ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।
এছাড়াও রাশিয়ায় আপাতত ব্যবসা করবে না বিখ্যাত কফি উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টারবাকস। কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন ফাস্টফুড চেইনশপ ম্যাকডোনাল্ড’সও। একদিন আগেই একযোগে ২৩০টি প্রতিষ্ঠান রাশিয়ায় ব্যবসা স্থগিতের ঘোষণা দেয়।