মৌলভীবাজার পৌর এলাকার বড়হাটে তিন দিন ধরে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় চলছে সোয়াতের ‘অপারেশন ম্যাক্সিমাস’। ওই বাড়িতে একাধিক জঙ্গি, প্রচুর পরিমাণ বিস্ফোরক ও বিস্ফোরক বিশেষজ্ঞ রয়েছে বলে ধারণা পুলিশের। এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। জঙ্গি আস্তানার আশপাশের বাড়িঘর থেকে স্থানীয়দের সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান শেষ হওয়ার পর শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে সোয়াত।
অভিযান শুরুর পর ঘটনাস্থল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। পুলিশ জানিয়েছে, ভেতরে একাধিক ভবন ও ভবনের ভেতর একাধিক কক্ষ থাকায় অভিযানটি বেশ জটিল বলে মনে করছে তারা। ভবনের ভেতর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ, একাধিক জঙ্গি ও প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে বলেও ধারণা পুলিশের।
পুরো এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ৬ নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকায় ১৪৪ ধারা এখনো বহাল আছে। ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের কুসুমবাগ এলাকা থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
জঙ্গি আস্তানার আশপাশের বাড়িঘর থেকে স্থানীয়দের সরিয়ে নিয়েছে পুলিশ। অভিযানের সময় ঘটনাস্থলের কাছাকাছি না থাকতে সাংবাদিকদেরও অনুরোধ জানিয়েছে তারা।