সামাজিক অধঃপতনের জন্যই শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শিশু নির্যাতনের ব্যাপারে সরকারের কঠোর অবস্থানে রয়েছে, রাজন হত্যাকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রিসভার নতুন সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাস দমনে আমরা সর্বাত্বক চেষ্টা করবো, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুয়ায়ী আমরা বাংলাদেশ গড়বো— যাকে আমরা বলি জিরো টলারেন্স।
আমরা কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিকে এদেশে মাথা তুলে দাঁড়াতে দেবো না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।’
এছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে মানবপাচার রোধ সম্ভব বলে মনে করেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, ‘ট্রেনিং দিয়ে দক্ষ জনশক্তি তৈরির পর বিদেশে রপ্তানি করা হবে।’
আর নিজের মন্ত্রণালয়ে যেকোনো দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, ‘অবশ্যই দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো— একটি দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় করতে যা যা করণীয় তাই করবো— এটাই আমার প্রথম কর্তব্য।’