ঈদযাত্রায় টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করা গাড়িগুলো চরম দুর্ভোগে পড়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের রাবনা বাইপাস পেরিয়ে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান দেশ টিভিকে বলেছেন, 'রাত ৩টা থেকে ভোর পর্যন্ত সেতুর পূর্ব সংযোগ সড়কের কয়েকটি স্থানে যানবাহন বিকল ও ছোটখাটো কয়েকটি দুর্ঘটনার কারণে এই যানজট হয়।’
মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ এবং মহাসড়কে ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক একমুখী করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে।
দিনাজপুর থেকে আসা গরুবাহী ট্রাকচালক বাবু মিয়া বলেন, ‘সিরাজগঞ্জের নলকার আগে থেকে রাত ৮টায় জ্যামে পড়েছি। সকাল সাড়ে ৭টা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জোকার চর পর্যন্ত এসেছি। গরমে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।’