স্বাস্থ্যবিধি বিষয়ক উদাসীনতা ঈদ আনন্দকে যেন বিষাদে রূপ দিতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানিয়ে রোববার (১০ জুলাই) নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান।’
তিনি বলেন, ‘এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো, অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন।’
সবার উদ্দেশে তিনি বলেন, ‘সামান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।’
এবারের ঈদে পরস্পরকে সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়। প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদারহস্ত হওয়ার দীক্ষা দেয়। তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ।’
দেশবাসী এবং বিশ্বের যে প্রান্তে বাংলাদেশের নাগরিক জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন, তাদের সবাইকে এই দিনে ঈদের শুভেচ্ছা জানান তিনি।