পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, যানজট অনেক কম থাকায় মানুষ নির্বিঘ্নে আপনজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছেন। পুলিশের অক্লান্ত পরিশ্রমেই এটি সম্ভব হয়েছে।
রোববার (১০ জুলাই) বিকেলে পুলিশ ভবনে সব পর্যায়ের পুলিশ সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, বিশাল ডাইনোসর সময় ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি বলে সে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তেলাপোকা গত ছয় হাজার বছর ধরে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে পৃথিবীতে টিকে আছে। এখন সমাজ পরিবর্তন হচ্ছে, অপরাধের ধরনও পাল্টাচ্ছে। এজন্য সমাজ, দেশ ও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।
আইজিপি বলেন, সরকারি অন্য আর দশটা সার্ভিসের চেয়ে পুলিশের সেবাটা অন্য ধরনের। এখানে পুলিশ কী করছে সেটা সবার চোখে পড়ে। এজন্য আমরা নিয়োগ পদ্ধতিটা পরিবর্তন করে জব মার্কেট থেকে বেস্ট অব দ্য বেস্টকে নিয়োগ করছি। সকল পর্যায়ের পুলিশ সদস্যকে বছরে একবার করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সমাজের উপযোগী, রাষ্ট্রের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।
আইজিপি বলেন, করোনা চিকিৎসায় পুলিশ হাসপাতাল রোল মডেল স্থাপন করেছে। আগামী কয়েক মাসের মধ্যে হার্ট ও ক্যান্সারের চিকিৎসা পুলিশ হাসপাতালে হবে।
সামাজিক সুরক্ষা বিধি বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ ঈদ শুভেচ্ছা বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন।