ঈদযাত্রায় যাত্রীদের কাছে যে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ছিল বিভীষিকার নাম, সেখানে এখন স্বস্তির সময়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ অনায়াসে ফেরি পার হতে পারছেন। অথচ এই পথ দিয়ে গত বছরও খুলনা পর্যন্ত যেতে অনেকের ১৫ থেকে ১৬ ঘণ্টা লেগেছে।
দেশ টিভির স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, ঈদ ঘিরে এ পথে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। এ রুটে এখন ২২টি ফেরির সঙ্গে চলছে ২২টি লঞ্চ।
যশোরগামী যাত্রী মনসুর আলী বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে দেশ টিভিকে বলছিলেন, ‘ছুটি পেয়ে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। সাভার থেকে পাটুরিয়া ঘাটে লোকাল গাড়িতে ভোগান্তি ছাড়া এসেছি। নৌরুটেও কোনো ভোগান্তি নেই। দৌলতদিয়া প্রান্তে গিয়ে যশোরের বাসে উঠবো।’
প্রাইভেটকার চালক রুস্তম মিয়া বলেন, ঈদের আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ট্রিপ দেই। গত বছর ঈদের দুই দিন আগে শুধু ঘাটেই লেগেছে ৭/৮ ঘণ্টা। এবার যানবাহনের চাপ না থাকায় সরাসরি ফেরিতে উঠে যাচ্ছি।’
ট্রাকচালক ইব্রাহিম মিয়া বলেন, ঈদের আগে সাধারণত পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকে। তবে ঘাট এলাকায় তেমন যানবাহন না থাকায় আমরা সহজে পার হতে পারছি।