পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৮ জুলাই) সদরঘাট লঞ্চ টার্মিনালে বেড়েছে ঘরমুখো যাত্রীদের সংখ্যা। বেশিরভাগ লঞ্চেরই ডেক-কেবিন কানায় কানায় ভরা। ভোলা, হাতিয়া, চরফ্যাশন, ভেতুয়া, মনপুরা ও বরগুনাগামী লঞ্চগুলোতে যাত্রীর চাপ সবচেয়ে বেশি।
পদ্মা সেতুর কারণে তিনদিন আগেও লঞ্চঘাটে যাত্রীদের উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের মতো। তবে, বৃহস্পতিবার (৭ জুলাই) ও শুক্রবার (৮ জুলাই) চিরচেনা রূপ ফিরে পেয়েছে লঞ্চ টার্মিনাল।
বেশির ভাগ লঞ্চযাত্রী সন্তোষ প্রকাশ করে গণমাধ্যমকে জানায় , যাত্রীর চাপ বেশি হলেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তবে, কেবিনের জন্য যাত্রীভেদে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
সদরঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, অন্যবারের তুলনায় এবার লঞ্চঘাটে যাত্রীর চাপ অনেকটাই কম। তাদের লঞ্চঘাটে দুই লাখের মতো যাত্রীবহন সক্ষমতা আছে। আগে ঈদের সময় যাত্রীর চাপ অনেক বেশি থাকতো, এমনকি যাত্রীর সংখ্যা পাঁচ লাখও ছাড়িয়ে যেতো। দুর্ঘটনাও ঘটতো বেশি। এবার যাত্রীর চাপ কম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না বলে আশা করছে।’