লঞ্চভাড়া বাড়ানো নিয়ে সংকটে পড়েছেন মালিকরা। তারা মনে করছেন, পদ্মা সেতু হওয়ার পর কমে গেছে লঞ্চের যাত্রী। এ অবস্থায় ভাড়া বাড়ালে এ সেক্টরে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। আবার জ্বালানি তেলের দাম এত বেড়েছে যে, ভাড়া না বাড়িয়েও উপায় নেই।
ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ভাড়া বাড়ানোর বিষয়ে লঞ্চমালিকরা এখনো কোনো প্রস্তাব দেননি। তারা প্রস্তাব দিলে ভাড়া বাড়ানোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
লঞ্চমালিকরা গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার ( ৭ আগস্ট) এর মধ্যেই সরকারের কাছে লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। ১১ আগস্ট ভাড়া বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আগামী ১১ আগস্ট ভাড়া বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে মিটিং আছে। আমরা রোববারের( ৭ আগস্ট) মধ্যে আমাদের প্রস্তাব বিআইডব্লিউটিএ-তে পাঠিয়ে দেবো।’
তিনি বলেন, ‘এখন তো এমনিতেই আমাদের দুরাবস্থা। পদ্মা সেতু হওয়ার পর আমরা যাত্রী পাচ্ছি না। পদ্মা সেতু আমাদের পঙ্গু করে দিয়েছে। এখন ৮০ শতাংশ কেবিন খালি রেখেই লঞ্চ চলাচল করছে। আর ডেকের যাত্রী ৪০ শতাংশ কমে গেছে।
এ প্রেক্ষাপটে লঞ্চ কমানোর চিন্তা-ভাবনা করছেন বলেও জানান শহিদুল ইসলাম ভূঁইয়া।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘ডিজেলের দাম বাড়ার পর এখন লঞ্চ পরিচালনা করা পুরোটাই লস। বরিশাল যেতে প্রতিটি ট্রিপে দুই থেকে আড়াই লাখ টাকা বেড়ে গেছে। এমনিতেই পদ্মা সেতুর কারণে লঞ্চে যাত্রী সংকট। জ্বালানি তেলের দাম বাড়ার পর আমাদের সমস্যা আরও বেড়ে গেলো।’
শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা, পেট্রলে ৪৪ টাকা বেড়েছে।
আগে ভোক্তাপর্যায়ে খুচরামূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা। তবে দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল।
জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লায় বাসভাড়া বেড়েছে ৪০ পয়সা। ভাড়া বাড়ানোর পর মহানগরে প্রতি কিলোমিটারে বাসে ২ টাকা ৫০ পয়সা, মিনিবাসে ২ টাকা ৪০ পয়সা ভাড়া দিতে হচ্ছে। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২০ পয়সা।