তেলের পরিমাপ নিয়ে কারচুপি করায় কুমিল্লায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় কুমিল্লা বিএসটিআই অফিসের সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় ১২টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলার পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্বরোড এলাকার ফিলিং স্টেশনগুলোতে সঠিক পরিমাপে তেল বিক্রি করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। অভিযানে অনিয়ম খুঁজে পাওয়ায় রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশন এবং ইস্ট জোন ফিলিং স্টেশন লিমিটেডকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, অভিযানে ১২টি ফিলিং স্টেশনের ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তাকে প্রতিশ্রুত পরিমাপে জ্বালানি সরবরাহ করা হচ্ছে কি না যাচাই করা হয়। এ সময় পরিমাপে কারচুপি করায় এবং পরিমাপক যন্ত্রে কারচুপি করায় পদুয়ার বাজার এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা এবং পরিমাপে কারচুপি করায় কালাকচুয়া এলাকার ইস্ট জোন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে পরিমাপক যন্ত্র যাচাই করতে গিয়ে দেখা গেছে তারা প্রতি ১০০ লিটারে প্রায় সাড়ে ৬ লিটার করে কম দিচ্ছিলো। ফলে তাদেরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিমাপক ইন্সট্রুমেন্টসহ বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।