জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে নৌ-পরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি ভাড়া পুনর্নির্ধারণ করে জমা দিলে আগামী বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
সোমবার (৮ আগস্ট) দুপুরে লঞ্চ মালিকদের নিয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানান নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল।
তিনি বলেন, কমিটি আজকে বিকেলের মধ্যেই ভাড়ার হার ঠিক করবে। এরপর ১০ আগস্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, ভাড়া পুনর্নির্ধারণে গঠিত সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌস আলমকে। সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক রফিকুল ইসলামকে। কমিটির অন্য সদস্যের মধ্যে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিআইডব্লিউটিএর প্রতিনিধি রাখা হয়েছে।
সরকার গত শুক্রবার সব ধরনের জ্বালানি তেলের দাম ৪২ থেকে সর্বোচ্চ ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়। অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকায় গিয়ে ঠেকেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চমালিকেরা লঞ্চভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেন। লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা করার প্রস্তাব দেন। এ ছাড়া ১০০ কিলোমিটার–পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকার জায়গায় ৪ টাকার প্রস্তাব করেন।
এ নিয়ে লঞ্চমালিকদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠকে বসেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আধা ঘণ্টার বৈঠক শেষে নৌ পরিবহনসচিব সাংবাদিকদের বলেন, যাত্রীর লঞ্চভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব মালিক সমিতি দিয়েছে তা অযৌক্তিক।
তিনি আরও বলেন, ভাড়া এত বাড়ানো হবে না; আরও কম হবে। ভাড়া পুনর্নির্ধারণের আগপর্যন্ত বর্তমান ভাড়া কার্যকর থাকবে বলেও জানান মোস্তফা কামাল।