রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে (জয়দেবপুর রেলওয়ে জংশন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বাড়ায় রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। তাছাড়া ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেনটি চালু করা হবে।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল ইসলাম, ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন পারভীন ও এনডিসি মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: