ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার বিকেলে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠকে খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।
এসময় সরকার নয় দুই দেশের জনমানুষের সম্পর্ক তৈরির ওপর জোর দিয়েছেন খালেদা জিয়া—বৈঠক শেষে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
তিনি আরো বলেন, যতই উন্নয়নের কথা বলা হোক না কেন রাজনৈতিক সমস্যা গণতান্ত্রিকভাবেই সমাধান করতে হবে মোদিকে এ কথা জানিয়েছেন খালেদা জিয়া।
ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে হোটেল সোনারগাঁওয়ে যান খালেদা জিয়া।
বৈঠকে যারা ছিলেন: দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা তাবিহ উদ্দিন আহমদ ও রিয়াদ রহমান।
এর আগে, বিএনপির প্রেস উইংয়ের সদস্য খায়রুল কবির খান বলেন, বেলা ৩টার আগে গুলশানে নিজের বাসা থেকে রওনা দেন খালেদা জিয়া। বেলা পৌনে ৪টায় তার গাড়িবহর হোটেলে পৌঁছায়।
এর আগে বেলা সোয়া ৩টার দিকে সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মোদি প্রথমবারের মতো গতকাল শনিবার সকালে বাংলাদেশে আসেন।