বিএনপি-জামাত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ছোট কয়েকটি দল জোট থেকে বের হয়ে যাচ্ছে। বিভক্ত দলগুলোর একাংশ থাকছে জোটে আরেক অংশ নতুন জোটে যোগ দেয়ার অপেক্ষায়। জোটে গণতান্ত্রিক চর্চার অভাব এবং যথাযথ মূল্যায়ণ না হওয়াতেই এমন সিদ্ধান্ত- বলছেন জোট ত্যাগী নেতারা।
এদিকে, ক্ষমতা আর অর্থের লোভ দেখিয়ে একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে দিয়ে সরকার এসব করাচ্ছে বলে অভিযোগ করছেন বিএনপি নেতাদের।
জোট ভাঙা নিয়ে বিএনপি নেতাদের দাবি, এটা সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্র।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘লোভ-লালসা তো কাজ করছেই এ দেশে। বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চগুলো কী করছে-না করছে, এগুলো আপনারা (সাংবাদিক) আমাদের চেয়ে বেশি খবর রাখেন। তবে জনগণ যখন জেগে উঠে তখন কোনো আঁতাত বাস্তবায়ন হয় না।’
বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘যে সরকার অর্থ দিয়ে দলগুলোকে বের করে নিয়ে যেতে চায়—এগুলো আসলে রাজনৈতিক দুরভিসন্ধি। কেউ হয় তো সুবিধা আদায়ে এবং অর্থের লোভে তারা চলে যেতে পারে, এটা তার ব্যাক্তিগত লাভের জন্য। এটাতে জোট ভাঙবে না। জোটের মূল শ্রোতো ধারা অব্যাহত থাকবে।’
এরইমধ্যে বিএনপির জোটে থাকা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এরইমধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ঘটনাও ঘটেছে বহিস্কার পাল্টা বহিস্কারের আবার তাদেরই একাংশ থেকে যাচ্ছে বিএনপির সঙ্গে।
তারপরও বেরিয়ে যাওয়ার আরো হুমকি দিচ্ছে কেউ কেউ। এরই সর্বশেষ এনডিপি।
শনিবার এনডিপির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার বলেন, ‘এক দলীয় চিন্তা-ভাবনাকে জোটের চিন্তা-ভাবনা হিসেবে চালিয়ে দেয়ার জন্য যে সকল উদ্যোগ আয়োজন সেগুলো পরিহার করতে হবে। পেছনের দরজায় আলাপ করে জোটের কর্মসূচি ঘোষণা হলে সেক্ষেত্রে অন্যান্য দলকে অসম্মান করা হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ের সুরাহা করুন।’
তবে বিভক্ত অংশসহ বেশ কয়েকটি দল শিগগিরই নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানা গেছে।
এনডিপির একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর সাহেব জোটের সকল প্রকার উদ্যোগ গ্রহণ করেছেন, এখনো তাই করছেন তিনি।’
এছাড়াও প্রশ্ন উঠেছে যে—তাহলে এ সকল দলের প্রকৃত চিত্র আসলে কী?
এনপিপি নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হলেও এখনো পর্যন্ত কোনো নির্বাচনেই অংশ নেয়নি। আর ন্যাপ ও এনডিপি নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলোর তালিকাতেই নেই।