রাজধানীর ব্যস্ততম মৌচাক মোড়ে মুক্তিযুদ্ধের শহীদ স্মারক ফারুক ইকবাল- তসলিম স্মৃতি সমাধি সৌধ। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ফারুক ইকবাল ১৯৭১ সালের ৩ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন। আর কিশোর মুক্তিযোদ্ধা তসলিম নিহত হোন যুদ্ধ শেষে ঘরে ফেরার পথে ১৭ ডিসেম্বর।
এলাকাবাসীর দাবিতে ফারুক ইকবালের পাশেই সমাহিত করা হয় কিশোর মুক্তিযোদ্ধা তসলিমকে। দুই বীর শহীদের স্মৃতি ধরে রাখতে ২০০৮ সালে নির্মাণ করা হয় সমাধি সৌধ।
১৯৭১ সালে রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজের ছাত্র সংসদের সেক্রেটারি ছিলেন ফারুক ইকবাল। ২ মার্চ স্বাধীকারের দাবিতে দেশ যখন উত্তাল তখন পশ্চিমা পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে কারফিউ ভেঙে উত্তাল মার্চে মিছিল বের করে ছাত্র সংসদ।
নেতৃত্বের কারণে আগে থেকেই পাকিস্তানি শাসকদের টার্গেট ছিলেন ফারুক ইকবাল। ৩ মার্চ কলেজ ছাত্রসংসদ আবারো মিছিল বের করলে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন ফারুক ইকবাল। তিনিই মুক্তিযুদ্ধের প্রথম শহীদ।
পরে বর্তমান মৌচাক মোড়ের এ জায়গাটিতে তাকে সমাহিত করা হয়।
ফারুক ইকবালের পাশে শায়িত আরেক কিশোর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন। একাত্তরে সিদ্ধেশ্বরী বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তসলিম যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে।
যুদ্ধ শেষে বাড়ি ফেরার পথে ১৭ ডিসেম্বর শহীদ হন তিনি। ফারুক ইকবালের পাশেই সমাহিত করা হয় তাকে। দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে ছিল এ দুই শহীদের কবর। পরে ২০০৮ সালে এখানে স্মৃতিসৌধ নির্মাণ করে ঢাকা সিটি করপোরেশন।