চলতি বছরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের আওতাধীন কিশোরগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা এলাকায় ১৮টিরও বেশি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকা ছাড়াও রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্বল রেলপথ, মেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ত্রুটিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হলেও রেলপথের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দুর্ঘটনা এড়াতে কোথাও কোথাও ট্র্যাক পরিবর্তন করে ট্রেন চালানো হচ্ছে।
আখাউড়ার গঙ্গাসাগরে এ বছর মার্চ মাসে দেড় সপ্তাহের ব্যবধানে দুটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। দেড়মাস সময়ের মধ্যে একই স্থানে ট্রেন দুর্ঘটনা ঘটে আরো তিনটি। দেশের পূর্বাঞ্চল রেলপথে এ বছর ১৮টিরও বেশি ট্রেন দুর্ঘটনা ঘটেছে।
আখাউড়া জংশন লোকোসেড সূত্রে পাওয়া তথ্য অনুসারে বেশিরভাগ দুর্ঘটনার শিকার মালবাহী গাড়ি।
গঙ্গাসাগর স্টেশন মাস্টার, জাকির হোসেন বলেন, গঙ্গাসাগর এলাকায় একের পর এক দুর্ঘটনার মুখে মালগাড়ি চলাচলে ট্র্যাক পরিবর্তন করা হয়েছে। লুপ লাইনের পরিবর্তে মালবাহী গাড়ি চালানো হচ্ছে মেইন লাইনে।
এর কারণ হিসেবে রেল লাইনের বেহাল দশাকে দায়ী করেছেন এলাকাবাসী।
পাথরবিহীন ও এলোমেলা স্লিপারের রেলপথ উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করেন।
আশার বাণী শোনান আখাউড়া রেল জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী, কাজী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পুরাতন রেলপথ ও স্লিপারের পরিবর্তে নতুন রেলপথ ও স্লিপার বসানো হবে।
সম্প্রতি রেলমন্ত্রী মুজিবুল হক আখাউড়া থেকে ফেনীর চিনকী আস্তানা স্টেশন পর্যন্ত ১৮০ কিলোমিটার রেলপথ সংস্কার কাজ উদ্বোধন করেন।