তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুশৃংঙ্খল রাখাই ছাত্রলীগের নতুন নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানালেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। দেশটিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
সে অর্থে আগামী সম্মেলনের মধ্য দিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধার করাও লক্ষ্য তাদের বলেও জানান ছাত্রলীগের সভাপতি।
সম্মেলনের সফলতা কামনা করে বদিউজ্জামান সোহাগ বলেন, প্রকৃত ছাত্ররাই আসবে নতুন নেতৃত্বে। যত অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে তার দায় এড়ানো যাবে না বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের নানা কর্মকাণ্ড অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এতে কিছুটা হলেও ম্লান হয়েছে বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলনে সামনের সারিতে থাকা ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ভাবমূর্তি। তবে তা মানতে নারাজ সাবেক নেতারা।
সংগঠনটির সাবেক নেতা অসীম কুমার উকিল ও বাহাদুর বেপারী বলছেন, ছাত্রলীগের একার নয়— উল্লেখ করে ছাত্রলীগকে ঘিরে যতটা প্রশ্ন তার থেকে অভিভাবক সংগঠনও এর দায় এড়াতে পারে না।
মেয়াদপূর্তির দুই বছর পর হতে যাচ্ছে দেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম সম্মেলন। ২৫ ও ২৬ জুলাই দু'দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দেশজুড়ে সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে সম্মেলনের হাওয়া। এরই মধ্যে সম্মেলন প্রস্তুতির বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। প্রায় চূড়ান্ত কাউন্সিলর নির্ধারণের কাজ, শীর্ষ দুটি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ২২ জুলাই।
নাঈমউদ্দীন আহমেদকে আহ্বায়ক করে ১৯৪৮ সালে যাত্রা শুরু করা ছাত্রলীগের এ পর্যন্ত ২৭টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ সম্মেলন হয় ২০১১ সালে।