জঙ্গিবাদ দিয়ে কখনও শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করা যায় না— উল্লেখ করে নিহত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় বলেন, জঙ্গিরা দেশে শান্তি নয়, নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। বুধবার নিজ বাসায় দেশটিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
সবাইকে ন্যায় ও সত্যের পথে থাকার পরামর্শ দিয়ে, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে সকল মানুষ সহাবস্থানে থেকে যার যার ধর্ম পালন করবে বলে আশা প্রকাশ করেন অজয় রায়।
তিনি বলেন, এভাবে একের পর এক ব্লগার হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। বিপথগামী কিছু যুবক অর্থের লোভে এমন হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে।
গত প্রায় ছয় মাসে তারা ৪ জন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারকে নৃশংসভাবে খুন করেছে। তাদের মধ্যে চাঞ্চল্যকর অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রসঙ্গত, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে বাংলাদেশের। তবে হঠাৎ করে কিছু উগ্রপন্থী ইসলামের নামে একের পর এক মুক্তচিন্তার লেখক-ব্লগারদের পরিকল্পিতভাবে হত্যা করছে। এমনকি হত্যার পরপর এর দায়ও স্বীকার করছে তারা।