পরিবেশ বিষয়ক বিধি-বিধান না মেনেই রামপাল বিদ্যুত কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বেসরকারি সংস্থা সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তাদের অনুসন্ধান প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ না দেয়া, জলাশয় ভরাটসহ পুরো প্রক্রিয়াই অস্বচ্ছ বলে উল্লেখ করা হয়েছে এতে। এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের জীব বৈচিত্র ও পরিবেশ চরম হুমকির মুখে পড়বে উল্লেখ করে, সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার সুপারিশ করেছে সংস্থাটি।
সুন্দরবন সংলগ্ন রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য মূল্য দেয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আরো বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তরও একটি খাল ভরাট করে করা হয়েছে। এরইমধ্যে আশপাশের জলাশয় ও জীব বৈচিত্রের ওপর এরইমধ্যে ক্ষতিকর প্রভাব পড়েছে এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রচলিত জাতীয় ও আন্তর্জাতিক নিয়ম-নীতি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা হয়নি।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা, এ প্রকল্পকে পরিবেশ বিনষ্টকারী হিসেবে উল্লেখ করে এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার অনুরোধ জানিয়েছেন।
সরকারের বিচক্ষণতার অভাবে এ প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, এটি বাস্তবায়ন হলে শুধু পরিবেশগত ক্ষতিই হবেনা- ওই অঞ্চল ও আশপাশের এলাকার মানুষও নানা রোগে আক্রান্ত হবে।
বাংলাদেশ ও ভারত উভয় দেশকেই, এ প্রকল্প বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ আইন অনুসরণের ও নিজ নিজ জনগণের কাছে বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরারও সুপারিশ করা হয়েছে।