দলীয় প্রতীকে হলেও স্থানীয় সরকার নির্বাচন শরীক দলগুলোকে নিয়েই করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
দেশ টিভিকে একান্ত সাক্ষাতকারে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, খুব শিগগিরি শরীকদের সঙ্গে বসে নির্বাচনী কর্মপন্থা নির্ধারণ করা হবে। আর নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে তৃণমূল পর্যায় থেকে প্রস্তুতিও শুরু হয়েছে।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেলিন বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও জয়ের বিষয়ে আস্থাশীল আওয়ামী লীগ।
স্থানীয় সরকার আইনুসারে পরিষদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। আগামী ডিসেম্বরে ২৪৫টি পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে। এ হিসেবে নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
বিশ্বের অন্যান্য দেশের মতো এবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচনী আইন পরিবর্তনের খসড়া এখনো চূড়ান্ত না হলেও এরইমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইনুসারে নির্ধারিত সময়ের মধ্যই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
যে ফর্মেই হোক ১৪দলের শরীকদের নিয়েই নির্বাচন করা হবে উল্লেখ করে হানিফ ও লেলিন বলেন, জোটকে শক্তিশালী করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।
জাতীয় নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন নেতারা লেলিন ও বাহাউদ্দিন নাসিম।
জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনেও জয়ের বিষয়েও আশাবাদী আওয়ামী লীগ নেতারা।