স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি পাবনার আটঘরিয়া উপজেলার দুই বীরাঙ্গনা সোনা বালা ও মায়া রাণী। একাত্তরের সেই দুর্বিসহ যন্ত্রনা ও সামাজিক বঞ্চনার পাশাপাশি অভাব অনটনে কষ্টে দিন কাটাচ্ছেন তারা।
সম্প্রতি সরকার ৪৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিলেও সেই তালিকায় তাদের নাম নেই। তাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গুচ্ছ গ্রামের দুই বীরাঙ্গনা সোনা বালা ও মায়া রাণী। ১৯৭১ সালের ২২ অক্টোবর সন্ধ্যায় বাড়ি থেকে তরুণী সোনাবালা ও তার ভাবী মায়া রাণীকে ধরে নিয়ে যায় স্থানীয় রাজাকার আব্দুল মমিনসহ ৬-৭ জনের একটি দল। পরে তাদের ওপর পাশবিক নির্যাতন চালায় তারা। তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে পালিয়ে যায় রাজাকারের দল। খবর পেয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা রাজাকারদের ওপর হামলা চালালে মমিন রাজাকারসহ ১০ জন নিহত হয়।
সেদিনের কথা আজও ভুলতে পারেননি নির্যাতিত বীরাঙ্গনারা।
কিন্তু স্বাধীনতার ৪৪ বছর পরও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি তারা। সামাজিক বঞ্চনা ও চরম দুঃখ কষ্টে দিন কাটাচ্ছেন তারা।
তবে নিয়ম অনুয়ায়ী আবেদন করলে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।