বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলির খবরে উত্তাল হয়ে ওঠে বরিশালও। আন্দোলনে অংশ নিয়েছিলেন বরিশালের ভাষা সংগ্রামী ওইসময়ের স্কুলছাত্র মো. ইউসুফ হোসেন কালু। সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটিতেও দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৪৮ সাল থেকেই বরিশাল ছিল আন্দোলন মুখর। সভা-সমাবেশ মিছিল মিটিংয়ের মাধ্যমে আন্দোলনকে বেগবান পাশাপাশি শহর-গ্রামে জনমত তৈরি শুরু করে ছাত্রসমাজ।
বরিশালে ভাষা আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভাষা সংগ্রামী মো. ইউসুফ কালু তাদের মধ্যে অন্যতম। স্কুলছাত্র থাকাকালেই বরিশালে সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটিতে যোগ দেন তিনি। ৮২ বছর বয়সে আজও ভাষা আন্দোলনের উত্তাল সেই দিনগুলো তাঁর স্মৃতিতে অম্লান হয়ে আছে।
বায়ান্নতে ঢাকায় ছাত্রজনতার মিছিলে পুলিশের গুলি বর্ষণের খবরে বরিশালের ছাত্রজনতা বিক্ষোভে ফেটে পড়ে। পাড়া-মহল্লায় শুরু হয় মিছিল-মিটিং আর পাকিস্তানি স্বৈরাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন। অশ্বিনী কুমার হলের সামনে সেদিন সেই বিক্ষোভ জনসমুদ্রে পরিণত হয়। পালিত হয় অঘোষিত হরতাল, গায়েবানা জানাজা বলে জানান ভাষা সংগ্রামী মো. ইউসুফ হোসেন কালু
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার হোক এমনটাই প্রত্যাশা এই ভাষা সংগ্রামীর।