বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভেঙে যারা ঢাকার রাজপথে মিছিল বের করেছিলেন মৌলভীবাজারের রওশন আরা বাচ্চু তাদেরই একজন। সেই মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত হন তিনি। রাষ্ট্রীয় কোনো সন্মাননা না পেলেও দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও মাতৃভাষার চেতনায় পরিপূর্ণ রওশন আরা।
১৯৫২ সাল। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা । ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী রওশন আরা বাচ্চুও তখন রাজপথে নামেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করা ছাড়াও ইডেন মহিলা কলেজ ও বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করে আমতলার সমাবেশ স্থলে নিয়ে আসেন তিনি। এখান থেকেই ছাত্র নেতারা ১৪৪ ধারা ভঙ্গের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তারা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগুনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, শুরু করে লাঠিচার্জ। এতে সেদিন অনেকে হতাহত হন। রওশন আরা ছিলেন আহতদেরই একজন।
কর্মজীবনে ঢাকা আনন্দময়ী স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন রওশন আরা। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করার আহবান এ ভাষা সংগ্রামীর।