আত্মীয়তার সম্পর্ক দিয়ে নয়— দল গঠন করতে হলে চাই দলের জন্য ত্যাগ স্বীকার, সাংগঠনিক ক্ষমতা ও জনগণের কাছে গ্রহণযোগ্যতা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাই আহমেদ কামালের নতুন দল গঠনের পরিকল্পনা সম্পর্কে দেশটিভিকে দেয়া একান্ত সাক্ষাতে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, আহমেদ কামালের দল গঠনের এ ঘোষণাকে বিশেষ মহল ও সরকারের ইন্ধন বলে অভিযোগ করছেন তারা। এতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কোনো ক্ষতি করা সম্ভব নয় বলেও জানান তিনি।
আহমেদ কামালকে দিয়ে দল গঠন সরকারের ভেতরের ও বাইরের বিশেষ মহলের এক ধরণের অপচেষ্টা বলেও জানান হান্নান শাহ।
এদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বের চন্দ্র বলেন, শুধুমাত্র আত্মীয়তার দাবি নিয়ে বাইরে থেকে দলের সমালোচনা করা ঠিক নয়। জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়ার নেতৃত্বেই দল এগিয়ে যাবে বলে প্রত্যাশা তার।
৫ মার্চ রাজধানীতে অনুষ্ঠিত আলোচনা সভায় নতুন রাজনৈতিক দল গড়ার পরিকল্পনার কথা জানান আহমেদ কামাল। দলটির নাম হবে ন্যাশনালিস্ট পার্টি। এসময় বিএনপি নানা কর্মকান্ডেরও সমালোচনা করেন তিনি।
তার এই উদ্যোগকে আমলে নিচ্ছে না বিএনপি। অতীতেও নানা মহল থেকে এমন উদ্যোগ নেয়া হলেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি বলে মন্তব্য করেন দলটির নেতারা।