ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন সমস্যা অনেকটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপরই নির্ভর করছে বলে মনে করছেন ভারতীয় সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।
দেশটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গ অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এখন শক্তিশালী তিনি চাইলেই ঝুলে থাকা তিস্তা সমস্যা সমাধান করতে পারবেন।
আর এ সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ সরকার ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অতীতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং সফরে উভয় দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক সই হলেও একমাত্র মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে ঝুলে যায় তিস্তার পানিবণ্টন চুক্তি। যদিও বাংলাদেশ সফরের সময়ে তিস্তা সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছিলেন মমতা।
কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে তিস্তা হয়ে যায় রাজনৈতিক ইস্যু। দীর্ঘদিন ঝুলে থাকার পর মমতার দ্বিতীয় মেয়াদে সরকারের গঠন তিস্তার বিষয়ে কতটা সমাধানের মুখ দেখবে এ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
এ প্রসঙ্গে ভারতীয় সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন, মমতা এখন রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী তিনি চাইলে এ সমস্যা সমাধান সম্ভব।
পশ্চিববঙ্গে মমতার দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বিধায় তিস্তা ইস্যুতে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।