রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানা ‘জাহাজ বিল্ডিংকে’ ঘিরে এলাকাবাসির কৌতুহল এখনো কাটেনি। ওই ভবনে পুলিশের জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন স্টর্ম ২৬’ এখনো আলোচনার তুঙ্গে। অভিযানের রাতে জঙ্গিদের মুখে ‘আল্লাহ আকবর’ ধ্বনিসহ নানা জেহাদী কথা শুনেছিলেন তারা।
তবে আইন-শৃঙ্খলা বাহিনীর রাতভর অভিযান সফল হওয়ায় এখন তারা অনেকটাই নিশ্চিন্ত। শিক্ষা-প্রতিষ্ঠানসহ দোকান-পাট খুলে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে সেখানের জীবনযাত্রা।
কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকে কিছুদুর এগিয়ে ডানপাশে ৫ নম্বর রোড়ে তাজ মঞ্জিলের অবস্থান। এলাকাবাসির কাছে বাড়িটি ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিতি।
সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ভবনটির পাঁচ তলায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চালানোর পর বাড়িটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাড়িটি ঘিরে জোরদার রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রয়েছে উৎসুক জনতার ভীড়। সেদিন মধ্য রাত থেকে কী ঘটেছিলো জঙ্গি আস্তানায়? ওই বাড়ির আশপাশের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা এখনো তা ভেবে চমকে উঠেন।
সেদিন মধ্যরাতে হঠাৎ করেই গুলির আওয়াজ শুনতে পেয়ে ঘটনা বুঝতে বাড়ির বারান্দা বা জানালা দিয়ে উঁকি দেন অনেকে। চারদিকের অন্ধকার ভেদ করে থেমে থেমে আসছে গুলি আর বোমার আওয়াজ। আর বাড়িটির ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আসে জঙ্গিদের ‘আল্লাহ আকবর’ ধ্বনি।
জনবহুল আবাসিক এলাকায় জঙ্গি আস্তানা গড়ে ওঠায় স্থানীয় বাড়ীর মালিক, অভিভাবকসহ সকলেই উদ্বিগ্ন। ভাড়াটে ছদ্মবেশে এরকম জঙ্গি আস্তানা তাদের কল্পনার অতীত। তবে সফল পুলিশি অভিযানে সন্তুষ্ট তারা।
এদিকে, ঘটনার দিন বন্ধ থাকলেও আবারো এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা এখনো কিছুটা আতংকিত।