সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় ও রায়ের পর্যবেক্ষণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি সরকার ও বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা বলে মনে করছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন অর রশীদ।
তিনি বলেন, এ ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে স্বার্থান্বেষী গোষ্ঠী এর সুযোগ কাজে লাগাতে চাইবে যাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে।
দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রায়ের নানা দিক নিয়ে কথা বলেন তিনি।
ড. হারুন বলেন, রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদ, স্বাধীনতা এবং রাজনৈতিক বিষয় নিয়ে যেসব মন্তব্য লেখা হয়েছে তা অপ্রাসঙ্গিক।
সদ্য বাতিল হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গ এখন সকল মহলের আলোচনার কেন্দ্রবিন্দু। আপিল বিভাগের বাতিল করা রায় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সংসদ, স্বাধীনতা এবং রাজনৈতিক বিষয় টেনে বিচার বিভাগকে বিতর্কিত করা হয়েছে। বিচার বিভাগ থেকে এমন অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারনা।
এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, রায়ের মধ্যদিয়ে সরকার ও বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে এর সুযোগ নিয়ে অপশক্তি রাজনৈতিক বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করবে।
রায়ে উল্লেখ করা সংসদ ও স্বাধীনতা প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচারের সঙ্গে যুক্ত থেকে এমন বিষয়ে সংযত এবং সতর্ক বক্তব্য দেয়া উচিৎ।
তবে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে পারস্পারিক শ্রদ্ধা রেখে আলোচনার মধ্য দিয়ে সংকট মোকাবেলার সুপারিশ তার।
বিচার বিভাগকে অভিভাবক উল্লেখ করে তিনি রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ না করার পক্ষে মত দেন।