নির্বাচন-আলোচনায় এবার বেশ দীর্ঘ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা। সাবেক মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মনোনয়ন পেতে লড়াইয়ে থাকা নতুন মুখের সংখ্যাও অনেক। এদের বেশিরভাগই তরুণ নেতা।
প্রত্যাশীরা জানানও দিচ্ছেন শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক পেতে তারা সচেষ্ট থাকবেন। সবাই চান তাদের আগ্রহটা দলের হাইকমান্ড জানুক।
জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি এক বছরেরও বেশি সময়। রাজনৈতিক অঙ্গনে এরইমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী তোড়জোর।
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল এবার পরবর্তী নির্বাচনে আর সে ভুল করতে চায় না দলটি। এরইমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের কাছে ভোটও চেয়েছেন ধানের শীষের পক্ষে।
সঙ্গত কারণেই এখন দলের ভেতরে আলোচনা-পর্যালোচনা হচ্ছে মনোনয়নের বিষয়টি নিয়ে। এবার মনোনয়ন প্রত্যাশীদের তালিকা বেশ দীর্ঘ। মনোনয়নের দৌঁড়ে সাবেক মন্ত্রী-এমপি-কেন্দ্রীয় নেতারা ছাড়াও আছে অনেক নতুন মুখ। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি আসনে ঠিক করা আছে একাধিক প্রার্থী।
মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই ঈদের সময় গেছেন নিজ নিজ এলাকায়। নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানারে ঈদ শুভেচ্ছার সঙ্গে হয়ে যাচ্ছে নির্বাচনের আগাম প্রচারণাও।
বিএনপির নেতা জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান ও আমির খসরু বিষয়টিকে দেখছেন ইতিবাচক হিসেবেই।
দলের হাইকমান্ডের নির্দেশনা এবং নিজ উদ্যোগে তৃণমূলে যোগাযোগ বাড়ানো আর কৌশলে আগাম প্রচারণার কাজটি সেরে নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা।