ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়ন নিয়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে গত কয়েক দিন ধরে। এরই মাঝে ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে সেই এলাকায় সেনা মোতায়েন করেছে পুতিন সরকার। আর তাতে বিশ্ববাজারে তেলের দাম ৭ বছরের সর্বোচ্চ রেকর্ড ছুয়ে ফেলেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৭ ডলার ৬৬ সেন্ট হয়ে গেছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর এবার বিশ্বে সর্বোচ্চ দাম উঠলো। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন তেলের দাম বিশ্ব বাজারে ১০০ ডলারে পৌঁছাতে পারে।বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতবেদনে বলা হয়, রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অপরিশোধিত তেলের দেশ। একই সাথে শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশও রাশিয়া।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়া পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণার পর সাথে সাথেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের হঠাৎ করে বেড়ে গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকটের কারণে তেলের সরবরাহ কমে যেতে পারে এই আশঙ্কায় বিশ্ববাজারে এর দাম বাড়ছে।
যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ ডলার ১৯ সেন্ট।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী দোনেৎস্ক ও লুহানস্কে অঞ্চলে 'শান্তি রক্ষায়' প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠানোর ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাইটল'র প্রধান নির্বাহী রাসেল হার্ডি অয়েল প্রাইজ ডট কমকে বলেছেন, 'তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে।' এই দাম অনেকদিন থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।