মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে—এবারে পাসের হার ৫৮.৪%।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জন পাস করেছেন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯৪.৭৫ আর সর্বনিম্ন নম্বর ৭৭.৪০। সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৩১৬২টি, সরকারি ডেন্টালে ৫৩২টি, বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ও বেসরকারি ডেন্টালে ১৩৫৫ টি।
পরীক্ষার্থীরা টেলিটক নম্বরের এসএমএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাবেন। ওই বার্তাতেই কে কোন মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন তাও জানানো পারছেন।
প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই বেলা সাড়ে ১১টার দিকে এ ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা থাকলেও পরে পৌনে একটার দিকে এ ফল প্রকাশ করা হয়।
এ উপলক্ষে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।
এদিকে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও কর্মসূচি পালন করছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
গত শুক্রবার অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফল স্থগিত, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি ও পুনঃপরীক্ষা নেয়া দাবি জানিয়েছেন তারা।
তারা অভিযোগ করেন, পরীক্ষার দিন সকালে ও আগের রাতে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে রয়েছে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান বলেন, পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা যুক্তিযুক্ত নয়— পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।