ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যার ঘটনায় বিএনপি নেতা মাহতাব উদ্দীন মিনারকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ফেনী মডেল থানায় মামলাটি করা হয়।
বুধবার সকালে ফেনী শহরের মিজান ময়দানে একরামুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজার জন্য মরদেহ ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুরে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেনী সদরে বিলাসী হোটেলের সামনে একরামুল হককে গাড়ির ভেতরে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা আরো ৩ জন অগ্নিদগ্ধ হন।
অগ্নিদগ্ধ ৩ জন হলেন: ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন (৬০), স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ফরহাদ (৩২) ও গাড়িচালক মামুন(৩০)।