চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনারে শনিবার (৪ জুন) রাতে আগুন লাগলেও এখন পর্যন্ত শতভাগ নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ রবিবার (৫ জুন) সকাল দশটার দিকে জানিয়েছে, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পারায় কোন কনটেইনারে কী আছে সেটি জানা সম্ভব হচ্ছে না।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মহাপরিচালক এদিন সকালে সাংবাদিকদের বলেন, ‘আমি মালিকপক্ষকে এখনো পাইনি। তাই আগুন পুরোপুরি নেভানোর প্রক্রিয়া ব্যহত হচ্ছে। কোন কনটেইনারে কী আছে সেটি আমরা বুঝতে পারছি না।’
তিনি বলেন, ‘বিস্ফোরণের জন্য আমরা কাছেই যেতে পারছি না। মালিকপক্ষকে পাচ্ছি না। তাই বুঝতে পারছি না কোথায় কী আছে। কীভাবে আগুন লাগলো এখনো সেটি আমি বলতে পারব না। তিনদিনের মধ্যে তদন্ত হবে।’
তিনি জানান, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। সেনাবাহিনীর এক কোম্পানি সদস্য আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
লাশ উদ্ধার হলে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত।