ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) থেকে প্রতিদিন এক সপ্তাহ জোন ভিত্তিক একঘণ্টা করে লোডশেডিং করা হবে। তবে এতে যদি সাশ্রয় কম হয়, তাহলে আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। এলাকা ভিত্তিতে লোডশেডিংয়ের সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ধরা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর বিভিন্ন এলাকার জন্য লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করেছে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোড শেডিং কম/বেশী হতে পারে বিধায় হালনাগাদর তথ্য জানার জন্য ডিপিডিসির ওয়েবসাইট (dpdc.portal.gov.bd) ভিজিটের জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান গণমাধ্যমকে বলেন, এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা করে ওয়েবসাইটে আপলোড করে দেয়া হচ্ছে। গ্রাহকরা ওয়েবসাইটে গেলেই ‘সম্ভাব্য লোডশেডিং শিডিউল’ নামে একটি লিংক পাবেন, সেখানে ক্লিক করে তাদের এলাকার সম্ভাব্য লোডশেডিংয়ের সময় জানতে পারবেন। এছাড়া শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইট ও লিংক প্রকাশ করা হবে।