সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর অংশ হিসেবে এই গরমে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন তিনি। আপাতত কেবল শীতে কিংবা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্যুট-কোট পরতে পারবেন সরকারি কর্মকর্তারা।
মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসিতে সম্মেলন কক্ষে একনেক সভায় বিদ্যুৎ সাশ্রয় নিয়ে আলোচনার মধ্যে পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আসে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা এবং একনেকের অন্যান্য বিষয় তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। এনইসি সম্মেলন কেন্দ্র- ২ ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন। তবে শীতকালে (স্যুট) পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে।
তিনি বলেন, প্রধানামন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ (ডিগ্রি সেলসিয়াস) এর নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন। এবং অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অব্শ্যই এসি বন্ধ করে যেতে বলেছেন।
বৈঠকে সাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে আরও সজাগ হওয়ার নির্দেশ দিয়ে সরকার এবং সরকারের বাইরেও সতর্ক থাকতে গুরুত্বারোপ করেছেন।
সঙ্কট মোকাবেলায় সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, দেশে এখন মৌলিক কিছু নিত্যপণ্যের দাম নিম্মমূখী হচ্ছে। ভোজ্যতেলের দাম নিম্নমূখী হচ্ছে, এটা এখন দৃশ্যমান। আগামীতে চালের মূল্যেও পরিবর্তন আশা করছি আমরা।
দেশের খাদ্য নিরাপত্তায় সরকার আগামী রোপা আমনের উপর গুরুত্ব দিচ্ছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, এই মৌসুমে সরকার প্রান্তিক কৃষকের জন্য বিনামুল্যে সার ও বীজ এবং বড় কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার-বীজ বিতরণ করবে।
এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৮৫৬ কোটি টাকা।