বিদ্যুৎ-ঘাটতি কমাতে শনিবার (২৩ জুলাই) টানা পঞ্চম দিনের মতো দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার দেশজুড়ে লোডশেডিং শুরু হয়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। একই সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) লোডশেডিং শুরু করেছে।
এদিন কোথায়, কখন লোডশেডিং হবে, তার সম্ভাব্য তালিকাও দিয়ে দিয়েছে সংস্থা দুটি।
ডেসকোর তালিকা এই ঠিকানায়: https://www.desco.org.bd/bangla/uploads_b/pdf/Load_Shed_Schedule_Saturday_23_07_2022.pdf
ডিপিডিসির তালিকা এই ঠিকানায়: https://dpdc.gov.bd/site/page/ddb72920-6109-4d28-9c2c-645ccea63858
বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত সোমবার।
এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকছে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওই সভা শেষে বলেন, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সাময়িক বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সাময়িক। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে।