বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদ্যুৎ নিয়ে কয়েক মাস আগে অনেক মাতামাতি শুনলেও আসলে তা ছিল ফাঁকা বুলি। আমরা শুনেছি ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা। দরকার ১১ হাজার মেগাওয়াট। এখন ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎও নেই।
বুধবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তনি। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে এ সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে দেখা করতে আসে। এই সরকারের উন্নতি ঘরে ঘরে মোমবাতি। জনগণের হাতে এ সরকার হারিকেন ধরিয়ে দিয়েছে।
তিনি বলেন, কুইক রেন্টালের মাধ্যমে কাদের কত টাকা দেওয়া হয়েছিল, কত টাকা ঋণ দেওয়া হয়েছিল, কতটুকু বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল আর কতটুকু পেয়েছেন, কত টাকা দিয়েছেন আর কত টাকার বিদ্যুৎ পেয়েছেন-তার হিসাব দিন। জনগণ বিদ্যুৎ পাবে না, কিন্তু ঋণ পরিশোধ করবে কেন?
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, হাবীবুন নবী খান সোহেল, আসাদুল হক রিপন প্রমুখ বক্তব্য রাখেন।