রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন।
সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
বুধবার (১৯ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানের মাধ্যমে চারটি হাসপাতালে চারটি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও চারটি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি অনুষ্ঠানটির আয়োজন করে। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারতো বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যেহেতু বিষয়টি বিচারাধীন তাই সংশ্লিষ্ট সাংবাদিক নিরাপরাধ হলে আদালতে ন্যায়বিচার পাবেন। / ভোকা