সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে কোটি টাকা করে এবং আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ রোববার (১১ জুলাই) গণমাধ্যমকে জানিয়েছেন আইনজীবী শাহীনুজ্জামান শাহীন।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধি নিষেধের মধ্যে যথাযথ নিয়ম মেনেই জরুরি বিবেচনায় ৪ টি সংগঠনের পক্ষে এ আবেদন করা হয়। গতকাল শনিবার (১০ জুলাই) দিনগত রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে আবেদনটি ই-মেইল করা হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির পক্ষে এ আবেদন করা হয় ।
শ্রম ও কর্মসংস্থান সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, পুলিশের মহাপরিদর্শক,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ডিআইজি (ঢাকা রেঞ্জ), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার,রুপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, হাসেম ফুডস লিমিটেড এবং হাসেম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
আবেদনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে কোটি টাকা করে এবং আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া নির্দেশনা চাওয়া হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসাবে নিহতদের পরিবারকে ১০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা করে দিতে আবেদন করা হয়েছে। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল ও আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের আবেদন করা হয়েছে। / আরটি