নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রতিষ্ঠানের মালিক আবুল হাসেম ও তার আরও দুই ছেলে জামিন পেয়েছেন।
নারায়ণগঞ্জের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল সমকালকে জানান, সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার মোট ৫ জন জামিন পেলেন।
এই মামলায় এখনও কারাগারে রয়েছেন প্রতিষ্ঠানটির ৩ কর্মকর্তা। সোমবার আবুল হাসেম ছাড়াও জামিন পেয়েছেন তার দুই ছেলে হাসিব বিন হাশেম ও তারেক ইব্রাহিম। এর আগে গত ১৪ জুলাই জামিন পেয়েছিলেন তার দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম।
পিপি মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘সোমবার আসামিপক্ষের আইনজীবী কারাগারে থাকা ছয় আসামিরই জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেন। গ্রেপ্তারের ১১ দিন পর প্রতিষ্ঠানটির মালিক আবুল হাসেম জামিন পেলেন।’
গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানার ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক। / সম