কুমিল্লায় কুরআন অবমাননার কথিত অভিযোগে সৃষ্ট উত্তেজনার মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা থেকে তাদের মোতায়েন করা হয়। এদিকে এ ঘটনায় সেখানে সত্যি কী ঘটেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এদিন সকালে কুমিল্লায় একটি মন্দিরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়েন। বাঁধে সংঘর্ষ।
এরপর দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে রাব্বি বলেন, কুমিল্লায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দুপুরের পর পরিস্থিতি শান্ত হলেও এ বিষয়ে স্থানীয় প্রশাসন কিংবা পুলিশের কর্মকর্তাদের কেউ মন্তব্য করতে রাজি হননি।
এদিকে দুর্গাপূজার মধ্যে এই ঘটনার পর বিকালে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধও জানিয়ে ধর্ম মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় বলেছে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই ঘোষণায় আরও বলা হয়, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সাথে জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। / ভোকা