ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কোনোভাবেই কমছে না। শনিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে।
অসহনীয় এই যানজটে গন্তব্যে যেতে তিন থেকে চারগুণ বেশি সময় লাগছে। সড়কে পর্যাপ্ত বাস থাকলেও খোলা ট্রাক ও পিকআপে চড়ে বাড়ি ফিরছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান সকাল ১০টায় দেশ টিভিকে বলেন, ‘সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। যানজট নিরসনে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করছি দুপুরের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
এদিকে সকালে মহাসড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
তিনি জানিয়েছেন, ঈদ ঘিরে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে সাত শতাধিক পুলিশ সদস্য কাজ করছেন।
এরপরও যানজটে মানুষের ভোগান্তি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।