বন্যার্তদের চিকিৎসায় ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক(এমপি)।
তিনি বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। হাসপাতালগুলোতে পানি ঢুকে যাওয়া এবং রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য ইতিমধ্যে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিম বন্যাকবলিত জেলা উপজেলাগুলোতে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করবে।
শনিবার(১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে বন্যার পাশাপাশি করোনা শনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। তাই সকলকে নিয়মিত টিকা গ্রহণের সাথে সাথে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস নীনা রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুই যুগ পর জেলা মহিলা আওয়ামী লীগের এই সম্মেলনে মৃদুলা আক্তারকে সভাপতি ও আনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।