এখনো চারদিকে অথৈ পানি। আগে ভেসে গেছে মাছ-গবাদি পশু। কারো ভেঙেছে ঘর। যাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকু এখনো দাঁড়িয়ে, পানি কমলে দেবে যেতে পারে সেগুলোও। এমন শঙ্কা আর হাহাকার নিয়ে এখন দিন কাটছে সিলেটের জৈন্তাপুরের বানভাসি দরিদ্র মানুষের।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছয়টি ইউনিয়নের দেড় লাখেরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। তাদের অধিকাংশের জীবনমানই দারিদ্রসীমার নিচে।
জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের শেওলাপুর গ্রামে গিয়ে দেখা গেল এখনো পানির নিচে কয়েক হাজার ঘরবাড়ি। ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। সবারই বিশুদ্ধ খাবার পানির অভাব।

সিলেটে বন্যা
১ লাখ ৬১ হাজার মানুষের উপজেলা জৈন্তাপুরের সবারই এখন খাবার সংকট।
আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ছাড়া মিলছে না কিছু। অনেকের শরীরে বাসা বেধেছে বিভিন্ন রোগ। কে কবে বাড়ি ফিরবেন কেউই জানেন না।
জৈন্তাপুর, গোয়াইনঘাট,কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে এখনো উদ্ধার অভিযান চালাতে দেখা গেছে সেনা-নৌ-বিজিবি সদস্যদের।